ইস্টবেঙ্গল মাঠে জমকালো সূচনা :২০২৬-এর কলকাতা ফুটবল লিগ







ইস্টবেঙ্গল মাঠে জমকালো সূচনা কলকাতা ফুটবল লিগ ২০২৬-এর
আজ ইস্টবেঙ্গল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কলকাতা ফুটবল লিগ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো। ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ও বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়ে ওঠে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও স্মরণীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন এআইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবে, ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন তারকা ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, মেহতাব হোসেন ও দীপঙ্কর রায়।
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেবব্রত সরকার এবং আইএফএ-র সচিব অনির্বাণ দত্ত। অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে মাননীয় ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ-এর হাতে ক্লাবের ঐতিহ্যবাহী লাল-হলুদ জার্সি, তাঁর নামাঙ্কিত বিশেষ সংস্করণ হিসেবে, সম্মানসূচকভাবে তুলে দেওয়া হয়।
এ বছরের কলকাতা ফুটবল লিগ ভারতীয় ফুটবলের কিংবদন্তি সাহু মেওয়ালাল-এর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পুত্রও। এই উপলক্ষে সাহু মেওয়ালালের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে একটি স্মারক ডাকটিকিট (Commemorative Stamp)-এর আনুষ্ঠানিক প্রকাশ করা হয়, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
ঐতিহ্য, আবেগ এবং বাংলার ফুটবল সংস্কৃতির গৌরবকে সঙ্গে নিয়ে কলকাতা ফুটবল লিগ ২০২৬-এর পথচলা শুরু হলো। ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, এবারের লিগও প্রতিদ্বন্দ্বিতা, ক্রীড়াসুলভ মানসিকতা এবং আকর্ষণীয় ফুটবলের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবে।







