প্রেস বিজ্ঞপ্তি : আগামী ৬ই ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ক্লাবের নবনির্মিত আ্যস্ট্রোটার্ফ গ্রাউন্ডের উদ্বোধন







প্রেস বিজ্ঞপ্তি
তারিখ – ৩১শে জানুয়ারি ২০২৬
ইলিয়াস পাশার অকাল প্রয়াণে সর্বতোভাবে তাঁর শোকার্ত পরিবারের পাশে ইস্টবেঙ্গল। এটাই ছিল সাংবাদিক সম্মেলনের প্রধান সুর। ক্লাব প্রেসিডেন্ট ঘোষণা করেন ক্লাবের পক্ষ থেকে এই শোকার্ত পরিবারের হাতে তুলে দেওয়া হবে ১১ লক্ষ টাকা। এইসঙ্গে একাত্ম হয়ে গেল আগামী ৬ই ফেব্রুয়ারি পাশা বেনিফিট ম্যাচের দিনেই ইস্টবেঙ্গল ক্লাবের নবনির্মিত আ্যস্ট্রোটার্ফ গ্রাউন্ডের উদ্বোধন। কোথাও যেন পাশার স্মৃতিকে আঁকড়ে ধরে নতুনের আহ্বান। সাংবাদিকদের সামনে ক্লাবের প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি, বিকাশ পাঁজি, আ্যলভিটো ডি কুনহা প্রমুখের গলায় পাশা ছিলেন একজন ‘ভালো মানুষ’ ফুটবলার।
একই বক্তব্যের অনুরণন শোনা গেল ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সচিব রূপক সাহা, এফপিএ জেনারেল ম্যানেজার সাইরাসের কাছ থেকে।
এরমধ্যে সভাপতি মুরারি লাল লোহিয়া বললেন, তিনি পাশার খেলা দেখেননি। কিন্তু প্রয়াত ‘পল্টুদা’র সঙ্গে তাঁর অফিসে আসা পাশাকে প্রথম দেখেই তাঁর গুনমুগ্ধ হয়ে যান। তাঁর কথায়, ‘আপাদমস্তক ভদ্রলোক’। পাশার চিকিৎসার জন্য গচ্ছিত অর্থ তাঁর হাতে তুলে দিতে না পারার আফশোষ থাকলেও প্রাক্তন খেলোয়াড়রা এবং ক্লাবের পাশার পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়াসে তিনি মুগ্ধ। সেইসঙ্গে ক্লাব আজীবন তাঁর পরিবারের পাশে থাকবে বলে জানালেন।
আগামী ৬ ফেব্রুয়ারি পাশার স্মরণে জোড়া বেনিফিট ম্যাচ ক্লাবের মাঠে। খেলোয়াড়রাই উদ্যোগ নিয়েছেন।
প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল স্টার্স বনাম ইস্টবেঙ্গল লেজেন্ডস। দু দলকে নেতৃত্ব দেবেন যথাক্রমে তুষার রক্ষিত এবং বিকাশ পাঁজি। দ্বিতীয় ম্যাচ ইস্টবেঙ্গল বনাম এফপিআই। নেতৃত্বের আর্মব্যান্ড থাকবে যথাক্রমে বাইচুং ভুটিয়া এবং হোসে রামিরেজ ব্যারেটো। সচিব রূপক সাহা এমনভাবে অন্তহীন প্রশংসা করলেন পাশার। খেলা না দেখলেও তাই ঠিক করতে পারেননি পাশা আপাদমস্তক ভদ্রলোক না কুশলী ফুটবলার।
অন্যতম কর্তা দেবব্রত সরকারের কথায়, স্মৃতিচারণের চেয়ে প্রয়াত ফুটবলারের পরিবারের পাশে থাকাটাই মুখ্য কাজ। চিরবিদায়ের একদিন আগে পাশা তাঁকে ফোন করে বলেছিলেন, তিনি ভালো নেই। এটার আগেই উদ্যোগী হয়েছিলেন দেবব্রত সরকার। কিন্তু ভাবতে পারেননি সেটাই শেষ বাক্যালাপ। তাই তাঁর মানসিক আঘাতটা একটু বেশিই। তবে ক্লাবের পরম্পরাকে বজায় রেখে পাশার পরিবারের পাশে থাকার সন্তুষ্টি তাঁকে যেন আচ্ছন্ন করে রেখেছে। এইখানেই তিনি তৃপ্ত। ক্লাবের ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি ইলিয়াস পাশার ইস্টবেঙ্গলে খেলার পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করেন I সভাগৃহে ইলিয়াস পাশার প্রতিকৃতিতে মাল্যদান এবং পাশার উপর নির্মিত একটি অডিও ভিডিও দেখানো হয় I







