প্রাক্তন অধিনায়ক সুধীর কর্মকারের দ্রুত আরোগ্য কামনায় ইস্টবেঙ্গল পরিবার
আমাদের প্রাক্তন অধিনায়ক শ্রী সুধীর কর্মকার বেশ কিছুদিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার ওপর ক্লাবের পক্ষ থেকে নিয়মিত নজর রাখা হচ্ছে এবং প্রতিদিনই তাঁর চিকিৎসার অগ্রগতির খবরাখবর নেওয়া হচ্ছে।
ক্লাবের তরফ থেকে শ্রী সমরেশ চৌধুরী এবং শ্রী গৌতম সরকার নিয়মিত হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করছেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। আজও ক্লাবের পক্ষ থেকে শ্রী বাবলু গাঙ্গুলি, শ্রী দেবব্রত সরকার ও শ্রী বিকাশ দত্ত হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে আসেন।
হাসপাতালের বেডে শুয়েই শ্রী সুধীর কর্মকার ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন এবং ক্লাবের সকলের প্রতি শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাব আরও সাফল্যের মুখ দেখবে এবং সমর্থকদের আনন্দ উপহার দেবে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী সোমবার আবারও তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে তাঁকে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে কিনা, নাকি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
ইস্টবেঙ্গল পরিবারের সকল সদস্য ও সমর্থকরা প্রার্থনা করছেন, প্রাক্তন অধিনায়ক শ্রী সুধীর কর্মকার খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন।










