সুপার ওভারে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল
পি. সেন মেমোরিয়াল ইনভিটেশন ট্রফি ২০২৬
সুপার ওভারে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল
কলকাতার ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুলে অনুষ্ঠিত পি. সেন মেমোরিয়াল ইনভিটেশন ট্রফি ২০২৬-এর রোমাঞ্চকর সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এসিকে সুপার ওভারে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিল ইস্টবেঙ্গল ক্লাব। ৩৮ ওভারের এই লিমিটেড ওভারের ম্যাচে শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা বজায় ছিল, যার নিষ্পত্তি হয় সুপার ওভারে।
প্রথমে ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গল ক্লাব ৩৭.৩ ওভারে ২৯১ রানে অলআউট হয়। দলের হয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলেন সুদীপ কুমার ঘরামী। মাত্র ৪৪ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংসে তিনি দলের রানসংখ্যাকে শক্ত ভিতের উপর দাঁড় করান। মোহনবাগানের বোলারদের মধ্যে রবি কুমার সর্বাধিক সফল হয়ে ৪টি উইকেট দখল করেন।
২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহনবাগানও দুর্দান্ত লড়াই উপহার দেয়। ঈশ্বরণ অভিমুন্যর অসাধারণ ৭০ বলে ৮৮ রানের ইনিংস দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। শেষ পর্যন্ত নির্ধারিত ৩৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯১ রান তুলতে সক্ষম হয় মোহনবাগান, ফলে ম্যাচ টাই হয়। ইস্টবেঙ্গলের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন বিকাশ সিং, যিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।
ম্যাচের ফল নির্ধারণের জন্য গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে মোহনবাগান ১ ওভারে বিনা উইকেটে ১৪ রান সংগ্রহ করে। জবাবে ইস্টবেঙ্গল ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখান। মাত্র ৫ বলেই ১ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১৫ রান তুলে নেয় লাল-হলুদ শিবির এবং নিশ্চিত করে ফাইনালের টিকিট।
চাপের মুহূর্তে অসাধারণ মানসিক দৃঢ়তা ও লড়াকু মনোভাব প্রদর্শন করে ইস্টবেঙ্গল ক্লাব এই গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়। সুপার ওভারের নাটকীয় সমাপ্তির মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দ আরও বিশেষ হয়ে উঠল লাল-হলুদ সমর্থকদের কাছে।
